বুধবার, ৫ আষাঢ় ১৪২০; ১৯ জুন ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
খালেদার নেতৃত্বে গণঅনশন চলছে
খালেদার নেতৃত্বে গণঅনশন চলছে

 ২০ মে ২০১২ :: ১৮ দলীয় জোট নেতাদের নিঃশর্ত মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ঢাকাসহ সারা দেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে গণঅনশন চলছে। মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় বিএনপি’র গণঅনশনে বেলা ১১টা ৫০মিনিটে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নাট্যমঞ্চ এলাকা। বিকাল পাঁচটায় ইলিয়াসের শিশু কন্যা সাইয়ারা নাওয়াল খালেদা জিয়াকে পানি পান করিয়ে অনশন ভাঙাবেন। জাসাসের সেক্রেটারি কণ্ঠশিল্পী মনির খানসহ জাসাসের শিল্পীরা গান গেয়ে অনশনরত নেতাকর্মীদের অনুপ্রাণিত করছেন। 
এ দিকে অনশনে বিরোধী দলীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখছেন। মধ্যরাতে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, সোহেল তাজের পদত্যাগ, সরকার দলীয় সাংসদ ক্যাপ্টেন গিয়াসের জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া, মহাজোটের প্রধান শরীক এরশাদের বক্তব্য ‘ঘরে থাকলে খুন বাইরে গেলে গুম’ প্রভৃতি উল্লেখ করে বক্তৃতা করছেন তারা।  বিএনপি নেতাদের বক্তৃতায় সরকারের বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যের খণ্ডাংশ উঠে আসছে। অনশনে বিএনপি ও জোটের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। 
চট্টগ্রাম থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে গণঅনশন শুরু করেছে বিএনপি। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছে। রাজশাহী থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে ও মহানগর বিএনপির উদ্যোগে ভুবন মোহন পার্কে অনশন কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান,  সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রেজিস্টারি ময়দানে অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। বরিশাল থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, মহানগর বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে, উত্তর জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাব চত্বরে ও জেলা দক্ষিণের উদ্যোগে কেন্দ্রী শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা । 
এ ছাড়াও রাজবাড়ী, মাদারীপুর, ফেনীসহ বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা সেসব এলাকায় গণঅনশন চলছে বলে জানান। 

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট