শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
আজ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী
আজ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

৩০ মে, ঢাকা :: আজ বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনার হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি নিহত হন। এ উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে দরিদ্রদের মধ্যে কাঙালি ভোজ, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দলের সকল অঙ্গ সংগঠন সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমানকে।

 দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত থাকবেন।

 জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচিকে সমুন্নত রেখে এর ভিত্তিতে সংগ্রাম পরিচালনা এবং বাস্তবে রূপায়িত করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে বিএনপি। এ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলা হয়, জাতির ঘোর দুঃসময়ে শহীদ জিয়ার স্বাধীনতার অকুতোভয় ঘোষণা, মহান স্বাধীনতা যুদ্ধে বীরোচিত ভূমিকা, রাষ্ট্র গঠনে তার অনন্য সাধারণ কৃতিত্বের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। জাতীয় জীবনের চলমান সঙ্কটে শহীদ জিয়ার আদর্শকে প্রবলভাবে প্রাসঙ্গিক বিবেচনা করে বিএনপি সঙ্কট নিরসনে তার নির্দেশিত পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করছে। জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষায় জিয়ার দর্শনকে কেন্দ্র করে লৌহদৃঢ় গণঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে বিএনপি। সেই সঙ্গে দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালনের জন্য বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। ওদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গদলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে। আজ সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, সকাল ১০টায় খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ১লা জুন ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, ২রা জুন শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা, ৩রা জুন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও যুবদলের উদ্যোগে আলোচনা সভা এবং ৪ঠা জুন তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হবে। এছাড়া, ৩০শে মে থেকে ২রা জুন ঢাকা মহানগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া। প্রথমে মোহাম্মদপুর টাউন হল এলাকায় খাদ্য বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম জানান, দুস্থদের মধ্যে খাবার বিতরণের ৪ দিনের কর্মসূচি রয়েছে। এছাড়া অন্যান্য স্থানে খাবার বিতরণের জন্য সিনিয়র নেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। তবে এ কর্মসূচি আরও একদিন বাড়তে পারে। এদিকে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠন আলাদা আলাদা পোস্টার প্রকাশ করেছে। পোস্টার প্রকাশের পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন আলাদা কর্মসূচি গ্রহণ করেছে।

 

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট