শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২০; ২৪ মে ২০১৩;
পরীক্ষামূলক সম্প্রচারঃ   মুহুর্তের সংবাদ :
জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম বন্দর!
জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম বন্দর!

১৬ মে, চট্টগ্রাম :: চট্টগ্রাম বন্দরকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করা হয়েছে। যুক্তি হিসেবে বলা হয়েছে, বন্দরের চারটি স্ক্যানিং মেশিনই কাস্টমস কর্তৃপক্ষের দখলে। অতিরিক্ত আর কোন স্ক্যানিং মেশিন না থাকায় বিভিন্ন দেশ থেকে আসা কন্টেইনারে কি মালামাল আছে তা জানতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এমন কি স্ক্যানিং রিপোর্টও চেয়ে পাচ্ছে না চবক। এ অবস্থায় বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য ‘ঝুঁকিপূর্ণ’ মন্তব্য করে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চবক-এর দেয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৈঠকে কমিটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার সুপারিশ করেছে। কমিটির মতে, বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য অপ্রতুল। এত বড় বন্দরের নিরাপত্তা তদারকের জন্য যথেষ্ট পরিমাণ সিসিটিভি ক্যামেরাও নেই। প্রতিবেদনে বলা হয়েছে, অতি সম্প্রতি দেখা গেছে, অন চেসিজ কন্টেইনারে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য পরিবহন করা হচ্ছে। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কমিটি সভাপতি নূর-ই-আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর এলাকায় ১২৬টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। বিশাল এলাকায় এত কম সিসিটিভি দিয়ে কাজ চালানো সম্ভব নয়। কমিটি আরও ১৭০টি সিসিটিভি কেনার সুপারিশ করেছে। উল্লেখ্য, চবক-এর নিরাপত্তা বিভাগের বর্তমান জনবল ৬১৮ জন। এর সঙ্গে ৬৪২ জন আনসার সদস্য দিয়ে ৩৮৭টি পয়েন্টে পাহারা দেয়া হয়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর এক কোম্পানি ও ৩৩৪ জন পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছেও। বৈঠকে কর্ণফুলী ব্রিজ থেকে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ দেয়া হয়েছে। বৈঠকে অতিদ্রুত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নিজস্ব জায়গায় আন্তর্জাতিক মানের এক্সপোজিশন-কাম-কনভেনশন সেন্টার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এ সেন্টার নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় সার্ভে করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম নির্বাচনী এলাকার তিন জন সংসদ সদস্য এবং বিএসসি, চট্টগ্রাম বন্দর ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মোস্তফা কামাল পাশা, হাবিবুন নাহার, শামসুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম বাবু অংশ নেন। এছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

CommentAdd Your Comment
শীর্ষ সংবাদ


প্রচ্ছদ | ৬৪ জেলার সংবাদ | রেডিও সংবাদ| গুরুত্বপূর্ণ ওয়েবসাইট